ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ নারী-পুরুষকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে। আজ রোববার ভোর চারটার দিকে সীমান্তের ৭৭ এস-২ পিলারের পাশ দিয়ে এ চেষ্টা চালানো হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে বিএসএফ তাঁদের অন্যত্র সরিয়ে নেয়।
Visit chickenroadslot.pro for more information.
এদিকে দুপুরে আরও ১২৫ জনকে সীমান্ত এলাকায় জড়ো করা হয়েছে বলে তথ্য পেয়েছে বিজিবি। তাঁদের পুশ ইন করা চেষ্টা করা হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফ ১১ জন বাংলাভাষী নারী-পুরুষকে পুশ ইনের চেষ্টা চালায়। বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিদের সরিয়ে নেয়।
বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিএসএফ ওই ১১ জনকে দর্শনা-জয়নগর সীমান্ত থেকে বারাদী-সুলতানপুরের বিপরীতে নিয়ে গেছে। নিজস্ব সূত্রে জানতে পেরেছি দুপুরে আরও ১২৫ জনকে পুশ ইনের জন্য সীমান্তের বিপরীতে জড়ো করে রাখা হয়েছে। নিয়ন্ত্রিত এলাকায় বিজিবির কঠোর অবস্থানে আছে।’
সাম্প্রতিক সময়ে এই সীমান্তে বিএসএফের এটিই প্রথম পুশ ইনের চেষ্টা। বিভিন্ন সীমান্তে পুশ ইনের চেষ্টার ঘটনার পর ৬ বিজিবি নিয়ন্ত্রিত এলাকায় টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
