মেট্রোরেলে ও ট্রেনে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড়, কীভাবে পাওয়া যাবে

· Prothom Alo

মেট্রোরেলে ভ্রমণে বয়স্ক নাগরিক (৬৫ বছর বা তদূর্ধ্ব), প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা বিশেষ ছাড় পাবেন।

এ জন্য বয়স্ক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখাতে হবে। একা ভ্রমণে তাঁরা এই ছাড় পাবেন। এ ক্ষেত্রে টিকিটে যাত্রীরা ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

Visit somethingsdifferent.biz for more information.

মেট্রোরেল ছাড়াও এখন থেকে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সেখানে তিনি মেট্রোরেলে যাতায়াতে ছাড়ের ঘোষণা দেন। এ ছাড়া পবিত্র ঈদুল আজহার পর মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথাও জানান তিনি।

ঈদযাত্রায় নারীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি আন্তনগর ট্রেনে নারীদের জন্য আজ থেকে একটি বিশেষ কোচ সংরক্ষিত থাকবে বলেও জানান মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, দীর্ঘদিনের দাবির পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, একই সুবিধা শিক্ষার্থীদের জন্যও চালুর পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের পদ্ধতি নির্ধারণে কিছু সময় লাগছে। ঈদের পর শিক্ষার্থীদের জন্যও একই ধরনের ছাড় কার্যকর করতে কর্তৃপক্ষ কাজ করছে।

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য কাল থেকে টিকিটে ২৫ শতাংশ ছাড়

মেট্রোয় ছাড় পেতে যাত্রীদের কী করতে হবে

ভাড়ায় রেয়াত–সুবিধা পেতে যাত্রীদের কয়েকটি শর্ত মেনে চলতে হবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুবিধা গ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলি প্রযোজ্য হবে—

১. এ সুবিধা শুধু একক যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২. জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে যাত্রীর তথ্য, আঙুলের ছাপ এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট সফটওয়্যার বা অ্যাপে সংরক্ষণ করা হবে।

৩. নিবন্ধন সম্পন্ন হলে যাত্রীকে একটি ইউনিক আইডি দেওয়া হবে। একই সঙ্গে নিবন্ধিত মুঠোফোন নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হবে।

৪. প্রতিবার একজন যাত্রী একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ একটি রেয়াতকৃত টিকিট কিনতে পারবেন।

৫. রেয়াতকৃত টিকিট অন্য কাউকে হস্তান্তর করা যাবে না। হস্তান্তরের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৬. রেয়াতপ্রাপ্ত যাত্রীদের টিকিট গ্রহণে অগ্রাধিকারসুবিধা দেওয়া হবে।

ফার্মগেট মেট্রো স্টেশনে বিশেষ ছাড় কার্যক্রমের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেট স্টেশনে

নারীদের জন্য বিশেষ বগি

ঈদযাত্রায় নারীদের জন্য বিশেষ বগি চালুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রায় নারী যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী গত রাতে তাঁকে ফোন করেন। পরে রেলসচিবের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা’ এবং ঢাকা-সিলেট আন্তনগর ট্রেনে একটি করে বগি শুধু নারীদের জন্য সংরক্ষিত থাকবে। ঈদের আগপর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে। তিনি বলেন, ঈদের ফিরতি যাত্রায় সব আন্তনগর ট্রেনে নারীদের জন্য একটি করে বগি সংরক্ষণ করা হবে।

রডবোঝাই ট্রাকে যাত্রী ওঠায় দুর্ঘটনা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, রডবোঝাই একটি ট্রাকে যাত্রী ওঠার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, চালককে সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি।

শেখ রবিউল আলম বলেন, যাত্রীদের সচেতনতার অভাবও অনেক দুর্ঘটনার কারণ। খোলা ট্রাক বা পণ্যবাহী যান যাত্রী পরিবহনের জন্য উপযোগী নয় উল্লেখ করে তিনি এ ধরনের যানবাহনে যাতায়াত থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে সড়কপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি রয়েছে বলেও দাবি করেন তিনি।

ঈদযাত্রায় ঘরমুখী মানুষের চাপ প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়তে পারেন। কিন্তু অনেক যাত্রী নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ম মেনে যাতায়াতের পরিবর্তে মহাসড়কে দাঁড়িয়ে চলন্ত যানবাহনে ওঠার চেষ্টা করেন, যা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।

Read full story at source