ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় রিমন মিয়া (২০) নামের এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকার একটি সড়ক থেকে তরুণের লাশ উদ্ধার করা হয়।
Visit tr-sport.click for more information.
নিহত রিমন নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকার শেখ হাসিনা কলেজ সড়কে সোমবার বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ তরুণের লাশ দেখতে পান। তাঁরা বাঞ্ছারামপুর থানার পুলিশে বিষয়টি জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। মরদেহের নাকের ওপরে অংশে গুলির চিহ্ন ছিল।
প্রথমে নিহত তরুণের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়লে ছবি দেখে চাচাতো ভগ্নিপতি জয়নাল আবেদীন ঘটনাস্থলে আসেন। তিনি লাশ শনাক্ত করেন। তিনি পুলিশকে জানান, নিহতের নাম রিমন এবং তিনি নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে।
জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, কিছুদিন আগে বরিকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারি হয়। এরপর থেকে রিমন নরসিংদীতে বোনের বাড়িতে ছিল। সোমবার সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফেসবুকে একটি লাশের ছবি দেখে স্ত্রী তাঁকে বিষয়টি জানান। ঘটনাস্থলে এসে তিনি লাশ শনাক্ত করেন। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তিনি বলতে পারেননি।
বাঞ্ছারামপুর থানার পুলিশ পরিদর্শক আবু সাইদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর নাকে গুলির আঘাতের ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
