প্রতিবেশী আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে জয়ে ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে আজ তারা মানিকগঞ্জের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে। এই জয়ে পয়েন্ট টেবিলে রহমতগঞ্জকে টপকে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে ঐতিহ্যবাহী দলটি।
৫২ মিনিটে প্রথম গোলের দেখা পায় মোহামেডান। ডি-বক্সের ভেতর থেকে আলতো শটে বল জালে জড়ান সৌরভ দেওয়ান। ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় দলটি। ৭৫ মিনিটে জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা রহিম উদ্দিন। তাঁর করা দ্বিতীয় গোলটি আরামবাগকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
Visit asg-reflektory.pl for more information.
গত ১০ এপ্রিল ১২তম রাউন্ডে আবাহনীর কাছে হারের পর প্রধান কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করে মোহামেডান। এরপর দায়িত্ব পান সহকারী কোচ আবদুল কাইয়ুম সেন্টু। সেন্টু দায়িত্ব নেওয়ার পর চার ম্যাচে এটি মোহামেডানের তৃতীয় জয়। এর আগে ফকিরেরপুল ও পিডব্লুডিকে হারালেও গত রাউন্ডে বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল সাদা-কালোরা। তবে এক ম্যাচ পরেই আবারও জয়ের ধারায় ফিরল মতিঝিল ক্লাব পাড়ার দলটি।
এই জয়ের ফলে ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট দাঁড়িয়েছে ২০। এর আগে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা রহমতগঞ্জ আজ মুন্সীগঞ্জে দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ৩-১ গোলে হেরে ষষ্ঠ স্থানে নেমে গেছে।
