এক্সচ্যাটের পর এবার এক্স মানি চালু করতে চান ইলন মাস্ক

· Prothom Alo

খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিকানা নিজের করে নেওয়ার পরপরই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, এক্স হবে ‘সবকিছুর অ্যাপ বা এভরিথিং অ্যাপ’। নিজের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রিয় অ্যাপগুলোর বিভিন্ন সুবিধা ধীরে ধীরে এক্সে যুক্ত করছেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এনক্রিপশন প্রযুক্তিনির্ভর নতুন মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ উন্মুক্ত করেছে এক্স। এবার এক্স ব্যবহারকারীদের সহজে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা দিতে ‘এক্স মানি’ চালু করতে চান ইলন মাস্ক।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অর্থ লেনদেন খাতে মাস্কের অভিজ্ঞতা আগে থেকেই রয়েছে। অনলাইন পেমেন্ট সেবা পেপ্যালের সূচনালগ্নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে আর্থিক সেবাকে একীভূত করার উদ্যোগ নিয়েছেন তিনি। এক্স মানি চালু হলে ব্যবহারকারীরা এক্স অ্যাপের মধ্যেই অর্থ লেনদেনসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।

Visit rhodia.club for more information.

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এক্স মানিতে সরাসরি অর্থ পাঠানোর (পিয়ার-টু-পিয়ার) সুবিধা থাকতে পারে। ফলে এক্স ব্যবহারকারীরা চ্যাট বা প্রোফাইল থেকেই সহজে অর্থ আদান-প্রদান করতে পারবেন। সুবিধাটি অনেকটা চীনের জনপ্রিয় অ্যাপ ‘উইচ্যাট’–এর মতোই কাজ করবে। উইচ্যাটে একই প্ল্যাটফর্মে বার্তা, সামাজিক যোগাযোগ এবং অর্থ লেনদেন করা যায়।

এক্স মানি সুবিধাটি চালুর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। আর তাই শিগগিরই সীমিত পরিসরে নির্বাচিত ব্যবহারকারীদের জন্য এক্স মানি চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে এক্স মানি ব্যবহার করা একাধিক ব্যক্তি জানিয়েছেন, নির্দিষ্ট লেনদেনে সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত অর্থ ফেরত (ক্যাশব্যাক) এবং প্রায় ৬ শতাংশ পর্যন্ত সঞ্চয় সুদের সুবিধা থাকতে পারে এক্স মানিতে।

সূত্র: টেকলুসিভ

Read full story at source