সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়নপ্রক্রিয়া অন্যদের চেয়ে ভিন্ন: হামিদুর রহমান আযাদ

· Prothom Alo

সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রক্রিয়া অন্যদের চেয়ে ভিন্ন বলে উল্লেখ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, জামায়াতে কেউ আবেদন করে মনোনয়ন চায় না, দল থেকেই মনোনয়ন দেওয়া হয়। তবে তৃণমূলের পরামর্শ নিয়ে কাজটি করা হয়। সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে জামায়াতের মহিলা বিভাগের পরামর্শ নেওয়া হয়েছে।

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সন্ধ্যায় ১১ দলের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এসব কথা বলেন হামিদুর রহমান আযাদ।

Visit mchezo.co.za for more information.

হামিদুর রহমান আযাদ বলেন, নারী আসনের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে জুলাই পরিবারের প্রতিনিধিত্ব। যাঁদের রক্ত এবং জীবন দেওয়ার মধ্য দিয়ে এই সংসদ, এই সরকার, দেশের আজকের যে অবস্থান, সেই জায়গা থেকে শহীদ পরিবারকে সম্মান দেওয়ার জন্য জুলাই পরিবারের একজন প্রতিনিধিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়নের ক্ষেত্রে ১১ দলের প্রাপ্যতা নিশ্চিতের পাশাপাশি সমঝোতার প্রতিশ্রুতি রক্ষা করা মুখ্য ছিল বলেও উল্লেখ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে সমঝোতার সময় সংরক্ষিত নারী আসন নিয়ে কিছু অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকার রক্ষা করা হয়েছে। অতীতে অনৈক্য, অনাস্থা ও বিভাজন তৈরি হয়েছিল রাজনৈতিক দল বা জোটগুলো লিখিত প্রতিশ্রুতি দিয়েও সেটি রক্ষা করতে না পারায়। ১১ দল অঙ্গীকার রক্ষা করবে।

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, মনোনয়নের ক্ষেত্রে সততা, যোগ্যতা ও নৈতিক মানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক অভিজ্ঞতা ও নারীসমাজের প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা বিবেচনায় নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ প্রমুখ।

Read full story at source