সিলেটের গোয়াইনঘাটে একটি বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পাশের চেয়ারে বসা নিয়ে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মন্ত্রী। এর ফলে বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
গতকাল সোমবার বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ের একটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হাতাহাতিতে জড়ানো দুই ব্যক্তি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে গেছে।
Visit bettingx.bond for more information.
স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর পর তাঁর পাশের একটি আসন নিয়ে দুই যুবদল নেতার মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তা কথা-কাটাকাটি থেকে হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তী সময়ে তাঁদের সমর্থকেরা এতে জড়িয়ে পড়েন। মন্ত্রীর সামনেই এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে অনুষ্ঠান শেষ না করেই উঠে চলে যান। এ সময় অনুষ্ঠানস্থলের মাইকে মন্ত্রীকে পরিস্থিতি এমন অবস্থায় রেখে চলে না যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী পুলিশি পাহারায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে মন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। মন্ত্রীর নির্দেশে তাঁকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
