নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল কোয়ার্টারের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
Visit asg-reflektory.pl for more information.
নিহত কিশোরী বড়াইগ্রাম পৌর শহরের বাসিন্দা। সে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চুক্তিভিত্তিক এক বাবুর্চির ছোট বোন। নিহত কিশোরী বোনের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারেই থাকত। গতকাল বোন স্বাস্থ্য কমপ্লেক্সে কাজে ব্যস্ত থাকায় ওই কিশোরী ঘরে একা ছিল। পরে বিকেলে স্বজনেরা নিজ কক্ষে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে পরিবারের সদস্যরা তা মেনে নেননি। বরং কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে তার ফুফাতো ভাইয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ওই কিশোরী আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।