তিন দিন পর মারা গেলেন দগ্ধ অটোরিকশাচালক

· Prothom Alo

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের গ্যাস পাম্প বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের তিন দিন পর দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪২)। তিনি কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।

Visit xsportfeed.quest for more information.

নিহত ব্যক্তির প্রতিবেশী ও কলাতলী আদর্শগ্রাম সমাজ কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন দিন আগে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়েছে।

গত বুধবার মধ্যরাতে বাড়ির পাশের কক্সবাজার এলপিজি স্টেশন নামের একটি গ্যাস পাম্পে বিস্ফোরণে আবু তাহেরসহ অন্তত ১৬ জন দগ্ধ হন। এর মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, আগুনে তাঁদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পুড়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, আগুনে দগ্ধ একজন ঢাকায় মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। মরদেহ কক্সবাজারে আনার প্রস্তুতি চলছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, আগুনের ঘটনা তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source