রাজধানীর ভাষানটেকের কচুক্ষেত এলাকায় বন্ধ হয়ে যাওয়া একটি পোশাক কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন–ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন শ্রমিককে মারধরের অভিযোগও উঠেছে। পরে ঘটনাস্থল থেকে ২৬ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ঘিরে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Visit grenadier.co.za for more information.
ওসি মো. আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে কারখানাটি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। আজ সকালে শ্রমিকেরা কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন–ভাতার দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ওসি মো. আসলাম হোসেনের দাবি, আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের কারখানায় হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। পরে ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করা হয়।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আজ শনিবার রাজধানীর কচুক্ষেতেএই পুলিশ কর্মকর্তা আরও বলেন, যেহেতু কারখানাটিকে ঘিরে কয়েক দিন ধরে ঝামেলা চলছিল। এ ঘটনায় কারখানার মালিক গত বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। আটক ২৬ শ্রমিককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তবে শ্রমিকদের অভিযোগ, ঈদুল আজহার ছুটি শেষে ৬ জুন কর্মস্থলে ফিরে এসে তাঁরা কারখানাটিতে তালা ঝোলানো অবস্থায় দেখতে পান। পরে জানতে পারেন, মালিক কারখানাটি বিক্রি করে দিয়েছেন। এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এমনকি তাঁদের বকেয়া বেতন–ভাতাও পরিশোধ করা হয়নি।
শ্রমিকদের দাবি, বেতন পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবিতে তাঁরা কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন। আজ শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে। এ সময় কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
