জাতিসংঘে গতকাল শুক্রবার এক গণশুনানিতে কূটনৈতিক শিষ্টাচারের পরিবেশ বজায় থাকেনি। এদিন কূটনৈতিক সৌজন্য ভুলে গিয়ে ইসরায়েলের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি তুমুল বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
Visit truewildslot.com for more information.
গতকাল ছিল ‘সংঘাতে যৌন সহিংসতা নির্মূলবিষয়ক আন্তর্জাতিক দিবস’। এ উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘে এক গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানির এক পর্যায়ে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেনের পদত্যাগ দাবি করেন।
প্যাটেন সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতামূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রথমবারের মতো ইসরায়েলকে কালোতালিকাভুক্ত করা হয়। ড্যাননের অভিযোগ, প্যাটেন পক্ষপাতমূলক আচরণ করেছেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইঙ্গিত করে ড্যানন বলেন, ‘ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানানোর ব্যাপারে মহাসচিবের যে একধরনের ঝোঁক রয়েছে, আপনি (প্যাটেন) সেটার কাছে নতি স্বীকার করেছেন।’
জাতিসংঘের আরেক কর্মকর্তা ভ্যানেসা ফ্রেজার তখন পয়েন্ট অব অর্ডারে কথা বলতে শুরু করেন। তিনিও জাতিসংঘ মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক প্রতিনিধি এবং ইসরায়েলকে কালোতালিকাভুক্ত করা পৃথক একটি প্রতিবেদন জমা দিয়েছেন।
ড্যানি ড্যাননকে ‘ব্যক্তিগত আক্রমণ’ থেকে বিরত থাকার আহ্বান জানান ফ্রেজার। তিনি বলেন, তাঁর কাছে ‘যাচাই করা তথ্য–প্রমাণ’ আছে।
এর জবাবে ড্যানন বলেন, ফ্রেজারের চুপ থাকা উচিত। তিনি আরও বলেন, ‘আমরা একটি সদস্যরাষ্ট্র, আর আপনি জাতিসংঘের কর্মী। এখন আপনি চুপ থাকবেন। আপনি চুপ থাকবেন... আপনি এবং আপনার লজ্জাজনক প্রতিবেদনও।’
একসময় জাতিসংঘে মাল্টার দূত হিসেবে নিযুক্ত ছিলেন ফ্রেজার। তিনি সম্প্রতি মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে সতর্ক করে বলা হয় যে শিশুদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোকে বৈশ্বিক কালোতালিকায় যুক্ত করা হতে পারে।
প্রতিবেদনটিতে গুতেরেস ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ঘটনা ‘উদ্বেগজনকভাবে’ বাড়ছে বলে মন্তব্য করেন। তিনি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করেছে। ১০ বছর দায়িত্ব পালনের পর এ বছরের শেষ নাগাদ তিনি পদ ছাড়ছেন।
দুটি প্রতিবেদনেই ইসরায়েলের চিরশত্রু হিসেবে বিবেচিত সংগঠন হামাসকেও কালোতালিকাভুক্ত করা হয়েছে।
