রাজবাড়ীতে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে হলেন ইরানের সমর্থক

· Prothom Alo

আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক আলাল মোল্লা (৫০) দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হয়েছেন। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Visit hilogame.news for more information.

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকায় সোমবার রাত ৯টার দিকে ওই ব্যতিক্রমী ঘটনা ঘটে। হামিদ মৃধার হাট বাজারে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলাল মোল্লা দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষে তাঁর অবস্থানের কথা ঘোষণা দেন। তাঁর এই ঘোষণা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা ও কৌতূহলে পরিণত হয়। বাজারে উপস্থিত অনেকে বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত পছন্দ ও মতামতের স্বাধীনতা হিসেবে দেখেন।

আলাল মোল্লা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক ছিলাম। তবে ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে ইরান দলকে সমর্থন করব। আমি আর কখনো আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে নিজেকে পরিচয় দেব না। এ জন্য দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক হয়েছি।’ তাঁর এই ঘোষণার পর ফেসবুকে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

হামিদ মৃধার হাট এলাকার আক্কাস সরদার, আব্বাস মোল্লা, জামাল হোসেন, হারুন ব্যাপারীসহ অনেকে বলেন, ফুটবল দল পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এক দলের সমর্থন ছেড়ে অন্য দলের প্রতি সমর্থন জানানোর ঘটনা এই এলাকায় এর আগে দেখা যায়নি।

স্থানীয় নুরুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। যে কেউ নিজের পছন্দ অনুযায়ী যেকোনো দলকে সমর্থন করতে পারেন। আলাল মোল্লার এই ঘোষণাও তাঁর ব্যক্তিগত মতামত ও পছন্দের বহিঃপ্রকাশ।

Read full story at source