বিশ্বকাপ মানেই ব্রাজিল, ব্রাজিল মানেই নেইমার, আর নেইমার মানেই ইনজুরি। বিশ্বকাপজুড়ে আন্তর্জাতিক মানের চিকিৎসার পাশাপাশি শতভাগ ফিট থাকার জন্য নেইমার উপদেশ নিতে পারেন বাংলাদেশি বিশেষজ্ঞদের। এই উপদেশগুলো কেমন হতে পারে, তা নিয়েই ভেবেছেন মাহাবুবা শারমিন কলি। এঁকেছেন আনিকা নাওয়ার ঈহা।
ফার্মেসির দোকানদার কাম ‘ডাক্তার’
Visit djcc.club for more information.
নেইমারের এই দুদিন পরপর ইনজুরির মূল কারণ অ্যান্টিবায়োটিকের কোর্স! সে জীবনেও কোর্স শেষ করে না। আমার এখানে এলে ডাইইউরেটিক্স, একটা নাপা এক্সট্রা ৬৬৫ এমজি আর সাথে দুইটা অ্যামোডিস দিলেই একদম চাঙা। ওরে বইলেন, ব্রাজিলের ডাক্তার বাদ দিয়া আমার ফার্মেসিতে একবার আইসা দেখা করতে।
কবিরাজ
প্রতিদিন সকালে খালি পেটে থানকুনিপাতা, নয়নতারা, চিরতা আর গুলঞ্চের রস মিক্সড কইরা খাইলে এই রোগ কবেই ভালো হইয়া যাইত! পোলাটা তো সারাক্ষণ মাঠেই থাকে, যখন-তখন উপুড় হইয়া পড়ে। পইড়া যাওয়ার সাথে সাথে ওখানকার কাঁচা ঘাস মুখে নিয়া একটু চিবায়া খাইলেও তো পারে! এই লন—পায়ের গোঁড়ালিতে বাঁধার জন্য কিছু শিকড় আর মালিশের তেল। এটা লাগাইলে খোদ রেফারিও ওকে খুঁজে পাবে না, পাগলা ঘোড়ার মতো দৌড়াবে।
সরকারি হাসপাতাল
১৯ টাকার টিকিট কাটা আছে? নইলে আগে সিরিয়ালে থাকেন। ওষুধ যেগুলো ফ্রি আছে, তা-ই দেব। ৭ দিন খেলেই হবে। না সারলে ভর্তি। যতই বিশ্বকাপ থাকুক, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এখান থেকে ছাড়পত্র পাবেন না।
কলিকাতা হারবাল
নেইমার, পায়ের চোটে আপনি কি ব্যক্তিগত জীবনে অসুখী? পরিবারে অশান্তি? মাঠে ভোগান্তি? হারিয়ে গেছে জীবনের সব শান্তি? আপনার পায়ের নখ হতে মাথার চুল পর্যন্ত সকল সমস্যার সমাধান নিয়ে কলিকাতা হারবাল দিচ্ছে শতভাগ শান্তির গ্যারান্টি! নিচের দেওয়া নাম্বারে ইমো (imo) আছে, চাইলে সরাসরি ভিডিও কল করতে পারেন। হোম সার্ভিসের জন্য থাকছে ধামাকা ডিসকাউন্ট!
বেদনা বাবা
নেইমারের রোগটা তো শারীরিক না, ওরে ওর কাছের অথবা আর্জেন্টিনা-পর্তুগালের কেউ কড়া তাবিজ করছে! আমারে শুধু নেইমারের কাছে নিয়া যান, ওই তাবিজ আমি মাটি খুঁড়ে বের কইরা দেব। হাদিয়া হিসেবে একটা টাকাও নেব না; শুধু আমার পাসপোর্ট, প্লেনের টিকিট আর থাকা-খাওয়ার ব্যবস্থা করলেই হবে। আমি আগাম একটা তাবিজ রেডি রাখছি। এটা ধুয়ে রাতে পানি খাবে, আর বাকি পানিটা বিছানায় আর খেলার মাঠে ছিটায়া দিবে—টানা তিন মাস!