রোমাঞ্চকর মুহূর্তের অপেক্ষায় বাংলাদেশের সঞ্জয়

· Prothom Alo

কয়েক মাস পরই ৩৫ বছরে পা দেবেন সঞ্জয় দেব। এরই মধ্যে সংগীতজীবনের সবচেয়ে বড় অর্জনের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে এই বাংলাদেশি–আমেরিকান সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের কানাডা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এই তরুণ ডিজে।

গত বুধবার বাংলাদেশ সময় সকালে কানাডার টরন্টো থেকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন সঞ্জয়। জানান, ১২ জুন কানাডার স্থানীয় সময় দুপুরের পর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। তাঁর সঙ্গে একই আয়োজনে থাকবেন কানাডীয় সংগীত ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম।

Visit catcross.org for more information.

জানা গেছে, টরন্টোর বিএমও ফিল্ডে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচের আগে হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন মাইকেল বুবল ও অ্যালানিস মরিসেট। এ ছাড়া পারফর্ম করবেন অ্যালিসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স, ইলিয়েনা প্রমুখ। সেই তালিকায়ই আছেন নোরা ফাতেহি, ভেজেড্রিম ও বাংলাদেশের সঞ্জয় দেব।

বিশ্বকাপের মতো এত বড় আসরে ওঠার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না সঞ্জয়, ‘ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার ব্যাপারটা এখনো আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। গত কয়েকটা দিন যেন স্বপ্নের মধ্যেই কাটছে। সবকিছু এখনো ঠিক বাস্তব বলে মনে হচ্ছে না।’

মহড়া, আয়োজন–সংশ্লিষ্ট বিভিন্ন কাজ আর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েই গত কয়েক দিন ব্যস্ত সময় কাটছে। এর মধ্যেই আলোচনায় এসেছে সঞ্জয়ের বিশ্বকাপের গান ‘সির সির’। প্রায় এক মাস আগে মরক্কোয় শেষ হয় গানটির ভিডিওচিত্রের শুটিং। ৮ জুন ফিফার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি বেশ সাড়া ফেলেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ দিনেই ইউটিউবে ভিডিওটির ভিউ হয়েছে ৩ কোটি ৮৩ লাখ। মন্তব্য ১৬ হাজার।

ডিজে সঞ্জয়

‘সির সির’ গানটির সাফল্যে অভিভূত সঞ্জয়, ‘প্রকাশের পর থেকেই সবার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। আমি সত্যিই অভিভূত। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যেভাবে ‘সির সির’-এর সঙ্গে একাত্ম হয়েছে এবং মিউজিক ভিডিওটিকে অন্য এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, তা আমার জন্য অবিশ্বাস্য অনুভূতি। যাঁরা গানটির ভিডিও দেখছেন, শেয়ার করছেন, নাচছেন, গাইছেন—সবার প্রতি অনেক ভালোবাসা। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাঁরা পর্দার আড়ালে পরিশ্রম করেছেন, সেই অসাধারণ টিমকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

শাকিরার সঙ্গে ফিফা অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

সঞ্জয়ের সংগীত প্রযোজনায় কাজ করেছেন বাংলাদেশের একাধিক সংগীতশিল্পী। আছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমান। ২০২৪ সালে মুক্তি পায় হাবিব, সঞ্জয় ও মুজা ত্রয়ীর গান ‘একলা দুনিয়া’। গানটি ইউটিউবে দেখা হয়েছে ৩৭ লাখ বারের বেশি। আর তাহসান, সঞ্জয় ও মুজার গান ‘ভুলে যাব’র ভিউ ছাড়িয়েছে ২৪ লাখ। জেফারের সঙ্গে সঞ্জয়ের গানের শিরোনাম ‘আড়ালে হারালে’, ইউটিউবে গানটি দেখা হয়েছে ৬৫ লাখ বারের বেশি।

বিশ্বকাপের মতো বড় আয়োজনে সঞ্জয়ের পারফরম্যান্সের খবরে আপ্লুত হাবিব ওয়াহিদ। প্রথম আলোকে এই সংগীতশিল্পী বলেন, ‘সঞ্জয় অত্যন্ত মেধাবী। বিশ্বকাপের মতো বড় আসরে ও পারফর্ম করছে, এটা কিন্তু সাধারণ ঘটনা না, এর চেয়ে বড় ইভেন্ট তো আর নাই। এটা দেশের জন্য অনেক গর্বের বিষয়। এই ধারাবাহিকতা বজায় থাকুক। ওর ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য অনেক শুভকামনা।’

সঞ্জয়। ছবি: শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source