সেই অবহেলায় রোজই সাজি

· Prothom Alo

লাল বাক্সে জমা পড়ে চিঠি। কখনো ভিজে যায় বৃষ্টির জলে। কখনো রোদে শুকিয়ে যায় অভিমানী অক্ষরগুলো।
তোমার আর সময় হয় না, সময় বয়ে যায়। লাল বাক্সে হাত রেখেও কী দারুণ অবহেলায় সরিয়ে নাও। জানো বোধ হয়, আমার চিঠি এই বাক্সে জমা হয়।
কখনোবা ক্লান্ত দেহে বাক্স খুলে শুধু অক্ষরের বিন্যাস দেখো। শব্দের গায়ে জমে থাকা মায়ার পলি দেখো না। দেখো না পরগাছার মতোই কতটা অযত্নেও জন্মেছে ভালোবাসা।
নাকি জেনে গেছ, ভালোবাসি, তাই আলগোছে অবহেলায় ফেলে রাখো। এই ভালোবাসার গালভরা নাম নেই, তাই হয়তো দাম নেই।
জানো? সেই অবহেলায় রোজই আমি সাজি।
পাটের শাড়ির আঁচলে বাঁধি তোমার অভিনয়, দায়সারা উত্তর, কখনো চকিতের মায়া। সবই আজকাল আগলে রাখি।
অদেখা চুলে, কখনো ভুলে মায়াতে জড়ায়ে বলি, বুনোফুল হয়ে ফুটে থেকো আজীবনভরি।
লাল ডাকবাক্সে সবুজ পাতায় লেখা চিঠিগুলো করছে মরি মরি।

Visit asg-reflektory.pl for more information.

Read full story at source