আগামীকাল শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরে গিয়ে খাল খননকাজের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ (মানিক) এসব তথ্য জানান।
শেখ ফরিদ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চাঁদপুর জেলা বিএনপি। ইতিমধ্যে তাঁর আগমন উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরে একটি অর্থনৈতিক অঞ্চলসহ ইপিজেড নির্মাণ, মতলবের ষাটনল থেকে হাইমচর পর্যন্ত স্থায়ী নদী তীররক্ষা বাঁধ নির্মাণ, মেডিক্যাল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ নানা দাবি জানাবেন নেতা-কর্মীরা।
Visit h-doctor.club for more information.
প্রধানমন্ত্রীর সফরসূচি উল্লেখ করে শেখ ফরিদ জানান, এক দিনের সফরে আগামীকাল বেলা ১১টায় জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দখাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর পৌনে দুইটায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামে ঘোষের হাটে বিশ্বখাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন। আড়াইটায় সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের পর বেলা সাড়ে তিনটায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন তিনি। বিকেল পাঁচটায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদানের পর সড়কপথে তিনি ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উচ্ছ্বসিত বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরের উন্নয়নে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরবেন বলে জানিয়েছেন। জেলা মহিলা দলের সভাপতি মুনিরা চৌধুরী বলেন, ‘আমরা চাই প্রধানমন্ত্রী নারীদের অগ্রাধিকার দিয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত এবং বৈষম্য দূর করে সম–অধিকার প্রতিষ্ঠান করবেন।’ জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন, তাঁরা আশা করেন, তরুণ ও যুবসমাজের কর্মসংস্থানসহ তাঁদের বিষয়ে বিশেষ কার্যক্রম হাতে নেবেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে চাঁদপুরে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
