মাদারীপুরে আচার চুরির ঘটনায় স্কুলছাত্রকে পিটিয়ে জখম, অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে

· Prothom Alo

মাদারীপুরের শিবচরে একটি ব্যাগ থেকে আচার চুরির ঘটনায় এক স্কুলছাত্রকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তারই সহপাঠীদের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যায় শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ডের রূপসী বাংলা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম জুবায়ের আহম্মেদ (১৬)। জুবায়ের পাঁচ্চর উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শামীম হোসেনও একই বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।

Visit betsport24.es for more information.

পুলিশ ও স্বজনেরা জানান, জুবায়েরের এক বন্ধুর স্কুলব্যাগ থেকে সপ্তাহখানেক আগে আচার চুরি হয়। এ ঘটনায় শামীমকে সন্দেহ করে এবং বিষয়টি জানতে চায় জুবায়ের। এর পরিপ্রেক্ষিতে সেই দিন শামীম ও জুবায়েরের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল সন্ধ্যায় জুবায়েরকে একা পেয়ে দলবল নিয়ে শামীম অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় জুবায়ের। পরে আহত শিক্ষার্থীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জুবায়েরের মা লাকি বেগম বলেন, ‘সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ওরা আমার ছেলেকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছে। আমি এর বিচার চাই।’

অভিযোগ বিষয়ে শামীম হোসেন বলে, ‘আমাকে জুবায়ের আগে মারধর করেছে। রড দিয়ে আমরা কেউ তাকে মারধর করিনি। আমার নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে।’

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মুঞ্জুল মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read full story at source