পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
Visit catcrossgame.com for more information.
আজ শনিবার সকালে ওই ছাত্রের বিরুদ্ধে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার নিশাদ ইসলাম দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার আশরাফুল আলমের ছেলে। তিনি সোনাহার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নিশাদ ইসলাম তাঁর ইংরেজি অক্ষরের ‘নিশাদ ইসলাম’ নামের ফেসবুক আইডি থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে বক্তব্য দেওয়া একটি ছবি পোস্ট করে আপত্তিকর ক্যাপশন লেখেন। পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবং বিষয়টি যাচাই-বাছাই করতে রাতে ওই ছাত্রকে আটক করে পুলিশ।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করার ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ওই তরুণের বাড়িঘরে হামলার আশঙ্কা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবং বিষয়টি যাচাই-বাছাই করতে তাঁকে থানায় নিয়ে আসেন। পোস্টটি ওই তরুণ করেছেন বলে নিশ্চিত হয়েছেন। পরে আজ একজন তাঁর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
