সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে হয়ে গেল চার দিনব্যাপী জাতীয় সাহিত্য উৎসব

· Prothom Alo

রাজধানীর সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ‘এসআইআইএস লিটারারি ক্লাব’–এর উদ্যোগে চার দিনব্যাপী ‘ন্যাশনাল লিটারেচার ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়েছে।

ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। উৎসবে ইংলিশ অলিম্পিয়াড, সাহিত্যভিত্তিক কুইজ, এক্সটেম্পোর (তাৎক্ষণিক বক্তৃতা), কবিতা আবৃত্তি, পোস্টার নির্মাণ, নাট্য পরিবেশনা, ফিলোসফারস পিচসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগেই অংশগ্রহণকারীরা তাদের মেধা, সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তার পরিচয় দেয়, যা উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।

Visit rouesnews.click for more information.

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, সাহিত্য মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং সমাজকে আরও মানবিক করে তোলে। এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। ক্লাবের চিফ কনভেনার সেগুফতা ইসলাম বলেন, অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব এ আয়োজনকে আরও সফল করেছে।

উৎসবের সমাপনী অনুষ্ঠান হয় ১১ এপ্রিল, শনিবার। এদিন জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ ও ‘লেভেল ফাইভ’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ বলেন, এ উৎসব শুধু প্রতিযোগিতা নয়, বরং তরুণ প্রজন্মের সাহিত্যপ্রেম, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের এক অনন্য উদ্‌যাপন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Read full story at source