জামালপুরের ইসলামপুরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির গুজব ছড়িয়ে পড়ায় আজ সোমবার ভোর থেকে শতাধিক মোটরসাইকেলচালক সেখানে ভিড় করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাঁরা সড়ক অবরোধ করেন। সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
Visit somethingsdifferent.biz for more information.
সকাল সাড়ে ৭টার দিকে মেসার্স ঝরনা ফিলিং স্টেশনের সামনে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন চালকেরা। এতে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ফিলিং স্টেশনে জ্বালানি বিক্রি হবে, এমন খবর ছড়িয়ে পড়লে ভোর থেকেই চালকেরা লাইনে দাঁড়ান। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনো জ্বালানি সরবরাহ করা হয়নি। এতে অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাঁরা সড়কে নেমে অবরোধ গড়ে তোলেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভুয়া পোস্টের কারণে এই ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে ওই ফিলিং স্টেশনে আজ জ্বালানি বিক্রির কোনো পরিকল্পনা ছিল না। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
