‘হ্যাঁ’ ভোট চেয়েছিল বিএনপি, গণভোটের রায় বাস্তবায়নে নৈতিক দায় আছে: সাইফুল হক

· Prothom Alo

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচার চালিয়েছে এবং ‘হ্যাঁ’তে ভোট দিতে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে। তাই গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে।

আজ শুক্রবার বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় সাইফুল হক এ কথা বলেন।

Visit asg-reflektory.pl for more information.

গণভোটের রায়ের পক্ষে অবস্থান গ্রহণ বিএনপির জন্য গৌরবজনক হবে বলেও মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি যুক্তি দিয়ে বলেন, গণভোট অধ্যাদেশ নিয়ে আপত্তি থাকলেও ৬৯ শতাংশ ভোটার যেহেতু পক্ষে মত দিয়েছেন, তাই গণভোটের রায় নাকচ করা বিবেচনাসম্মত কাজ হবে না।

জাতীয় সংসদে সরকারি দলের দুই–তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় গণভোটের রায় বাস্তবায়নে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন সাইফুল হক। তিনি আশা প্রকাশ করে বলেন, এই ইস্যুতে বিএনপি নেতৃত্ব দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং গণ–আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এ সময় দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি সামাল দিতে সরকার যে অবস্থায় পড়েছে, সেটা সমন্বিতভাবে সবাইকে নিয়ে মোকাবিলা করার পরামর্শ দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, মীর রেজাউল আলম, বাবর চৌধুরী প্রমুখ।

Read full story at source