কাতারের মন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর

· Prothom Alo

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বরাবর একটি সংহতিপত্র হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। আজ সোমবার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সাক্ষাৎকালে তিনি সংহতিপত্রটি হস্তান্তর করেন।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এক সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছান হুমায়ূন কবির।

Visit sport-tr.bet for more information.

কাতারের আমিরের কাছে পাঠানো ওই পত্রে প্রধানমন্ত্রী উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। কাতারে বসবাসরত প্রায় ৪ লাখ ৫০ হাজার প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে কাতার সরকারের নেওয়া পদক্ষেপের জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে কাতারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারি ও মে মাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য লন্ডনে যাতায়াতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ায় কাতারের আমিরের মহানুভবতার কথাও তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক শান্তি, সংলাপ ও মানবিক কূটনীতিতে কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এ ছাড়া বাংলাদেশ ও কাতারের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও বৈঠক করেন। সাম্প্রতিক একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় কাতারের শ্রমমন্ত্রীর নিকটাত্মীয় নিহত হওয়ায় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা এ সময় দোহায় বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন। সেখানে তিনি কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

একই উদ্দেশ্যে দোহা থেকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবিরের আরও কয়েকটি উপসাগরীয় দেশ সফরের কথা রয়েছে।

Read full story at source