ময়মনসিংহে শিশুকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা, বৃদ্ধ গ্রেপ্তার

· Prothom Alo

ময়মনসিংহে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (১০) বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ গতকাল শনিবার রাতে অভিযুক্ত কাজল চক্রবর্তীকে (৬৫) গ্রেপ্তার করেছে। ১৮ দিন আগের ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে ওই ব্যক্তিকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেন। আজ রোববার সকালে সেটি মামলা হিসেবে রেকর্ড হয়েছে। গ্রেপ্তার কাজল চক্রবর্তীকে আদালতে পাঠানো হবে।

Visit rocore.sbs for more information.

পুলিশ ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত কাজল চক্রবর্তী গত ১০ ফেব্রুয়ারি বিকেলে শিশুটিকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে শিশুটি বাসায় ফিরে পরিবারকে জানালে অভিযুক্তের পরিবারকে বিষয়টি জানানো হয়। তখন তারা বিষয়টি অস্বীকার করে শিশুর পরিবারকে ভয়ভীতি দেখায়। এর মধ্যে অসুস্থ হয়ে পড়া শিশুটিকে গতকাল শনিবার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, ‘কাজল চক্রবর্তীকে আমার মেয়ে দাদা বলে ডাকে। আমাদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল তাঁর। আমার মেয়েকে তাঁর বাসায় মাঝেমধ্যেই ডেকে নিয়ে যেতেন। কিন্তু এ ধরনের কাজ করবেন, আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমার মেয়ে এখন হাসপাতালে ভর্তি। আমি অপরাধীর উপযুক্ত বিচার চাই।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, শিশুটিকে ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাঈনউদ্দিন খান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিলে আজ সকালে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এতে একজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

Read full story at source